ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | অল বিডি নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার (২৫ মে) রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহতদের পরিচয় জানা গেছে—তারা হলেন শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সূত্র জানায়, রাতের আঁধারে স্থানীয় কয়েকজন ব্যক্তি অন্তত দেড়শ গজ ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী তাদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান অল বিডি নিউজ-কে জানান, "সীমান্ত এলাকায় দুজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।

0 Comments