Sponsored

অভিনেতা মুকুল দেবের অকালপ্রয়াণে বলিউডে শোকের ছায়া

 

All BD News বিনোদন ডেস্ক:
বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেতা মনোজ বাজপেয়ী সর্বপ্রথম মুকুলের মৃত্যুসংবাদ জনসমক্ষে আনেন। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

পরবর্তীতে মুকুলের ভাই, অভিনেতা রাহুল দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানান, দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় গতরাতে শান্তিতে পরলোকগমন করেন মুকুল। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, তবে শেষ ৮-১০ দিনে তার শারীরিক অবস্থার আশঙ্কাজনকভাবে অবনতি ঘটে।

রাহুল দেব লেখেন,
"গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। আমাদের দুই ভাইবোন রাশমি ও আমি তাকে গভীরভাবে মনে করবো। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও তাকে মনে রাখবে।"
তিনি সবাইকে বিকেল ৫টায় মুকুলের শেষকৃত্যে যোগ দেওয়ার অনুরোধ জানান। শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে দিল্লিতেই।

মুকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউডের বিভিন্ন তারকা তার বাড়িতে ছুটে আসেন। মনোজ বাজপেয়ী, বিন্দু দারা সিংহ, এবং দীপশিখা নাগপালসহ অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন।

মুকুল দেব ছিলেন বড় পর্দা ও ছোট পর্দার পরিচিত মুখ। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর 'জয় হো'-তে সালমান খানের সঙ্গে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকের নজর কাড়ে।

হিন্দি ছাড়াও মালায়ালম, গুজরাতি, পাঞ্জাবি, মরাঠি, ইংরেজি ও বাংলা সিনেমায়ও অভিনয় করেন তিনি। বাংলা চলচ্চিত্রে তাঁর কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো — ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’।

একজন দক্ষ অভিনেতার পাশাপাশি মুকুল ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটও। তাঁর আকস্মিক প্রয়াণে বলিউড হারালো এক বহুমাত্রিক প্রতিভাকে।





Post a Comment

0 Comments