all bd news:
বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। নিহত শাকিল আকন ওই ইউনিয়নের ভেচকি গ্রামের মো. ইউসু আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকাশ মেঘলা দেখে বৃষ্টির আশঙ্কায় শাকিল আকন তার বসতবাড়ির উত্তর পাশে থাকা জমিতে বেঁধে রাখা গরুগুলো আনতে যান। ওই সময় শাকিল আকনের মা শারমিন আক্তার জমিতে মুগের ডাল তুলছিলেন। গরু আনতে মাঠে প্রবেশ করার পর হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাঠের মাঝখানে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ফেরদৌস বলেন, বজ্রপাতে আহত এক যুবক হাসপাতালে আনা হয়েছিল, তবে তাকে বাঁচানো যায়নি।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বজ্রপাতে মা’র সামনেই এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে পারিবারিকভাবেই দাফন সম্পন্ন করা হবে।”

0 Comments