Sponsored

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দাবি নিয়ে অসহযোগ আন্দোলন ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের


অল বিডি নিউজ প্রতিনিধি :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ এবং চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতা সরকারের নীতিনির্ধারকদের কাছে সঠিকভাবে উপস্থাপন না করে এনবিআরের চেয়ারম্যান তথ্য আড়াল করেছেন। এ কারণে বর্তমান পরিস্থিতি সংকটাপন্ন হয়েছে।”

সংগঠনের প্রধান দাবিগুলো হলো:

  • জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে।

  • এনবিআরের চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ করতে হবে।

  • রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

  • প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে টেকসই ও উপযুক্ত রাজস্ব সংস্কার বাস্তবায়ন করতে হবে।

এছাড়া আগামীকাল (২২ মে) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন এনবিআর দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিশেষ ঘোষণা অনুযায়ী, ২৪ ও ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশন ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি থাকবে। কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত সংশ্লিষ্ট সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি অব্যাহত থাকবে।



Post a Comment

0 Comments