📅 প্রকাশিত: ৯ জুন
✍️ নিজস্ব প্রতিবেদক | All BD News – ঢাকা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁর সমর্থকেরা। রাজধানীর গুলিস্তানে নগর ভবনের প্রধান ফটকের সামনে রোববার সকাল সাড়ে ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমর্থকেরা নগর ভবনের সামনে জড়ো হন। এ সময় তাঁদের মুখে শোনা যায়—
‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘টালবাহানা চলবে না’, ‘অবিলম্বে শপথ দিতে হবে’—এমন সব স্লোগান।
এ বিষয়ে যাত্রাবাড়ীর বাসিন্দা তৌহিদুল ইসলাম All BD News–কে বলেন,
“ইশরাক হোসেন জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর শপথে বিলম্ব মানে জনগণের রায়ের প্রতি অবজ্ঞা। আমরা তাঁকে দ্রুত মেয়র হিসেবে দেখতে চাই।”
এদিকে নগর ভবনের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেলেও পাশের পকেট গেটটি খোলা রয়েছে। তবে ভেতরে প্রবেশ করছেন কেবল বিক্ষোভকারীরা। ফলে সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন করপোরেশনের একাধিক কর্মচারী।
নগর ভবনের সামনের রাস্তা বন্ধ করে অবস্থান নেওয়ায় জনদুর্ভোগ তৈরি হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
🛑 পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও ইশরাকের শপথ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
📌 এই বিষয়ে আরও আপডেট জানতে চোখ রাখুন All BD News-এ।

0 Comments