📅 প্রকাশিত: ২১ মে
✍️ আন্তর্জাতিক ডেস্ক | All BD News
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে। এবার একাধিক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে দাবী করা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং গোয়েন্দা পর্যবেক্ষণ ইঙ্গিত দিচ্ছে—ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনায় রয়েছে তেলআবিব।
সিএনএনের রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের সামরিক মহড়া, গোলাবারুদ পুনর্বিন্যাস ও কৌশলগত প্রস্তুতির পেছনে রয়েছে একটিই উদ্দেশ্য—ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান। তবে মার্কিন প্রশাসনের অভ্যন্তরেই বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ কেউ মনে করছেন, এই প্রস্তুতি শুধু মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল; আবার কেউ কেউ এটিকে বাস্তব হামলার পূর্বাভাস হিসেবেই দেখছেন।
গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, গত কয়েক মাসে ইরানে হামলার আশঙ্কা ‘উল্লেখযোগ্যভাবে বেড়েছে’। বিশেষ করে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয় যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদের পুরোপুরি বিলুপ্তি না করে, তাহলে ইসরায়েল সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি স্পষ্ট জানিয়েছেন, তেহরান কোনো ‘অযৌক্তিক ও অতিরিক্ত’ মার্কিন শর্তে মাথা নোয়াবে না। তার মতে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা একটি অগ্রহণযোগ্য দাবি। ফলে নতুন করে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনাও ঝুঁকির মুখে।
ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে—ইসরায়েল যদি সত্যিই হামলায় এগোয়, তাহলে সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বেই বড় ধরনের নিরাপত্তা সংকট সৃষ্টি করবে।
🌐 আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ ও উত্তেজনা নিরসনের উদ্যোগ নেওয়া ছাড়া আর কোনো বাস্তব বিকল্প নেই।
📌 এই বিষয়ে আরও আপডেট জানতে চোখ রাখুন All BD News-এ।

0 Comments