Sponsored

যশোরে অটোরিকশাচালককে চোখ উপড়ে নৃশংস হত্যা, ছিনতাইয়ের সন্দেহ

                                                                      


All BD News

 যশোর সদর উপজেলায় নির্মমভাবে নিহত হলেন এক অটোরিকশাচালক। রোববার (২৫ মে) ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে ব্র্যাক অফিসের সামনে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ডাবলু (৬৫)। তিনি সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

পরিবার জানায়, পেশায় অটোরিকশাচালক ডাবলু শনিবার প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত পর্যন্ত তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে স্থানীয়রা চুড়ামনকাটি বাজারসংলগ্ন ব্র্যাক অফিসের কাছে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ দেখতে পায়, মরদেহটি রক্তাক্ত এবং তার দুটি চোখ উপড়ানো।

নিহতের পরিবার দাবি করেছে, ছিনতাইকারীর কবলে পড়েই খুন হয়েছেন ডাবলু। তারা আরও জানান, তার অটোরিকশাটিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, হত্যার পর সেটি ছিনতাই করা হয়েছে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুর রউফ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড মনে হলেও তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Post a Comment

0 Comments