কিশোরগঞ্জ, ৬ মে: কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় এক কর্মীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে অপরপক্ষের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন ছাত্রদলের কর্মী রোহান মিয়া ও আহ্বায়ক রাজিব ইসলাম রাজু।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত রোহান মিয়া ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং আহ্বায়ক রাজিব ইসলাম রাজুর চাচাতো ভাই।
জানা গেছে, গত ২ মে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন স্বাক্ষরিত ইটনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে নতুন কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে উত্তেজনা বিরাজ করছিল।
ঘটনার দিন নবগঠিত কমিটির সদস্যরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজমানুর রহমান সুজন ও তার সমর্থকদের একটি দল হামলা চালিয়ে রোহান মিয়ার ডান পায়ের গোড়ালির রগ কেটে দেয়। এ সময় রাজিব ইসলাম রাজু নিজেও আহত হন।
আহত রাজিব ইসলাম রাজু জানান, "আমরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে আজমানুর রহমান সুজনের নেতৃত্বে তারা আমাদের ওপর হামলা চালায়। রোহান মিয়ার পায়ের রগ কাটা হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। রোহান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমরা থানায় মামলা করব।"
অপরদিকে, আজমানুর রহমান সুজন অভিযোগ অস্বীকার করে বলেন, "এ ঘটনা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা। পায়ের রগ কর্তনের ঘটনা কলেজের বাইরে স্কুলের সামনে অন্য একটি ঘটনায় ঘটেছে, সংঘর্ষের সময় নয়। আমি নিজে কলেজে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি এবং ওসিকে ঘটনাটি জানিয়েছি।"
ইটনা থানার ওসি জাফর ইকবাল বলেন, "এ বিষয়ে আমার জানা নেই এবং এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।"
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের সতর্ক অবস্থান রয়েছে।

0 Comments