নিউজ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসন করবে সরকার, ব্যয় ১৫৯ কোটি টাকা
সংবাদ বিবরণ:
২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টসমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সরকার ১৫৯ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৫২৩ টাকা বরাদ্দ দিয়েছে।
বুধবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টসমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০১ এর পূর্ত কাজের দরপত্র পুনঃপ্রক্রিয়াকরণের অনুমতি দেওয়া হয়েছে।
এই প্রকল্পের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে আটটি দরপত্র জমা পড়ে, যার মধ্যে ছয়টি কারিগরিভাবে রেসপনসিভ ছিল। দরপত্র মূল্যায়নের সময় দুইজন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ই-জিপি পোর্টালে বঞ্চিত থাকার অভিযোগ ওঠলেও হাইকোর্টের স্থগিতাদেশের কারণে ৬ জন দরদাতাকে বিবেচনায় রেখে পুনর্মূল্যায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য এই প্রস্তাব অনুমোদন দিয়েছে।

0 Comments