Sponsored

আসামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান, ফেরত পাঠানো হয়েছে ৩৩০ জনকে: হিমন্ত


 

 

সংবাদ প্রতিবেদন ( অল বিডি নিউজ )


আসামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান, ফেরত পাঠানো হয়েছে ৩৩০ জনকে: হিমন্ত

গুয়াহাটি, ৮ জুন — আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অভিবাসন আইন, ১৯৫০ অনুযায়ী গত কয়েক মাসে রাজ্য থেকে ৩৩০ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রোববার অনুষ্ঠিত আসামের বিধানসভার এক বিশেষ অধিবেশনে এ তথ্য জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “আসামের অভিবাসন বিষয়ক বিশেষ আইনের আওতায় রাজ্যের প্রতিটি জেলার জেলাপ্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তার ফলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জোরালো অভিযান চালানো সম্ভব হয়েছে এবং তা চলমান থাকবে।”

বক্তব্যে নাম উল্লেখ না করে তিনি ভারতের বিরোধী দল কংগ্রেসের আসাম শাখার সভাপতি গৌরব গগৈকে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসাম সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে, এবং অপপ্রচারকারীরা গগৈকে নেতা হিসেবে মানে।

হিমন্ত বলেন, “আমরা এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০টি ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছি যেগুলো ফিলিস্তিন এবং আসাম নিয়ে প্রচারণা চালায়। এসব অ্যাকাউন্ট থেকে আসাম সম্পর্কে যেসব তথ্য ছড়ানো হয়, তা মিথ্যা, উসকানিমূলক এবং অশালীন।”

তিনি দাবি করেন, এই অ্যাকাউন্টগুলোর অনেকগুলো ইসলামাবাদ, রিয়াদ এবং সৌদি আরব থেকে পরিচালিত হয় এবং যারা এসব চালায়, তারা রাহুল গান্ধীকে নয়, আসামের একজন বিশেষ নেতাকে পছন্দ করেন।

“আমার কাছে প্রমাণ আছে, তার ভিত্তিতেই এ কথা বলছি,” বলেন হিমন্ত। তিনি আরও জানান, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে এসব সংক্রান্ত তথ্যপ্রমাণ সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করা হবে।

তিনি বলেন, “আমি প্রথমে একজন অসমিয়া, তারপর মুখ্যমন্ত্রী। আসামের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করাই আমার মূল লক্ষ্য, সেটাই আমি প্রতিটি কর্মকাণ্ডে প্রতিফলিত করার চেষ্টা করি।”



 

Post a Comment

0 Comments