Sponsored

জামাল-হামজাদের হোম ম্যাচ ঘিরে উত্তাপ, স্টেডিয়ামমুখী জনস্রোত


 

জামাল-হামজাদের হোম ম্যাচ ঘিরে উত্তাপ, স্টেডিয়ামমুখী জনস্রোত

ঢাকা, ১০ জুন — জুন মাসের দ্বিতীয় সপ্তাহ, বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ ২৭। ঢাকার রোদের তেজ প্রখর হলেও তা যেন ঠেকাতে পারেনি ফুটবল উন্মাদনাকে। সোমবার দুপুর থেকেই রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকাজুড়ে দেখা গেছে ভক্ত-সমর্থকদের ঢল।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম হোম ম্যাচ আজ। প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়, তবে দুপুর থেকেই স্টেডিয়াম এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের প্রতিটি প্রবেশপথে ছিল দীর্ঘ লাইন। মিছিলের মতো করে মাঠে প্রবেশের অপেক্ষায় ছিলেন হাজারো ভক্ত।

ভুটান ম্যাচের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার অনেক সমর্থক মাঠে পৌঁছেছেন আগেভাগে। পল্লবী থেকে আসা সমর্থক শাহেদ বলেন, “ভুটান ম্যাচে টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারিনি। আজ তাই সময় হাতে নিয়ে আগেই চলে এসেছি। জামাল, হামজা, সামিতদের খেলতে দেখতেই মাঠে আসা।”

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, দুপুর ২টা থেকে গেট খোলা হয়েছে, আর সাধারণ দর্শকদের জন্য মাঠে প্রবেশের সময় নির্ধারিত হয়েছে বিকেল ৫টা পর্যন্ত।

ম্যাচকে ঘিরে ফুটবল পাড়ায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর জাতীয় দলের খেলায় এমন আগ্রহ চোখে পড়ছে। মাঠের লড়াইয়ে যেমন উত্তেজনা থাকবে, মাঠের বাইরের আবেগও ছুঁয়ে যাচ্ছে ভক্তদের হৃদয়।

 

Post a Comment

0 Comments